'ক্রেস্ট না, ক্যাশ চাই, ক্যাশ' এমন বক্তব্য দিয়ে চীফ হুইপ আ স ম ফিরোজ শুধু দুর্নীতি সহায়ক অবস্থানই নেননি, বরং সংবিধান লংঘন করেছেন বলে দাবি করেছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
চীফ হুইপের বক্তব্যের তীব্র সমালোচনা করে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এ ধরণের বক্তব্য শুধু ন্যাক্কারজনকই নয় বরং তা দেশের গণতন্ত্র ও সুশাসনের জন্য এক অশনিসংকেতও বটে।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সংবর্ধনার জন্য উপঢৌকন হিসেবে ক্রেস্টের পরিবর্তে নগদ অর্থ প্রদানের জন্য জাতীয় সংসদের একজন দায়িত্বশীল ব্যক্তির প্রকাশ্য জনসভায় এ ধরনের নজিরবিহীন বক্তব্য প্রধানমন্ত্রীর দুর্নীতি নির্মূলের অবস্থানের সাথে সাংঘর্ষিক।
তিনি বলেন, সংবিধানের ২০(২) অনুচ্ছেদ অনুযায়ী অনুপার্জিত আয়কে পরিষ্কারভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে। অতএব জাতীয় সংসদের সদস্য, এমনকি চীফ হুইপ পদে আসীন একজন ব্যক্তির পক্ষে প্রকাশ্যে অবৈধভাবে অর্থ উপার্জনের ঘোষণা দিয়ে শুধু দুর্নীতি সহায়ক অবস্থানই নেননি, বরং সংবিধান লংঘন করেছেন।
ইফতেখারুজ্জামান বলেন, 'আমরা আরো উদ্বিগ্ন এ কারণে যে, ইতিপূর্বে যারা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিলেন তাদের নিকট দশ লক্ষ টাকা করে চাঁদা প্রদানের আহ্বান জানানো হয়েছিল। সরকারের এরূপ অবস্থান রাজনীতি ও সরকার পরিচালনায় নৈতিকতা বিবর্জিত অন্ধকার জগতে নিমজ্জিত করবে।'
নির্বাচন করতে অনেক (টাকা) লাগে’ মর্মে চীফ হুইপের বক্তব্যকে ঠাট্টা-তামাশা নয়, বরং অত্যন্ত তাৎপর্যপূর্ণ আখ্যায়িত করে নির্বাচনে কালো টাকা এবং রাজনীতি ও ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের যে ধারা সামপ্রতিক কালে হলফনামা সহ বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে তারই এক লাগামহীন প্রাতিষ্ঠানিকীকরণের ইঙ্গিত বলে অভিমত প্রকাশ করেন ড. ইফতেখারুজ্জামান।
নিজের বক্তব্যের স্বপক্ষে চীফ হুইপ গণমাধ্যমকে যে সাফাই যুক্তি দেখিয়েছেন তাও পুরোপুরি অগ্রহণযোগ্য বলে বিবৃতিতে মন্তব্য করেছেন টিআইবি'র নির্বাহী পরিচালক।
বিবৃতিতে আত্মঘাতী এ বক্তব্যের প্রেক্ষিতে সংসদ নেতার অবস্থান পরিস্কার করার ও নবম সংসদে উত্থাপিত সংসদ সদস্যদের আচরণবিধি খসড়া আইনটি প্রণয়নের দাবি জানায় সংস্থাটি।
গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার পটুয়াখালির বাউফল উপজেলা সদরে এক গণ-সংবর্ধনায় “ ক্রেস্ট না, ক্যাশ চাই, ক্যাশ” বলে সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই// এআর[/b]
শ্রেণীহীন
চীফ হুইপ সংবিধান লংঘন করেছেন, দাবি টিআইবির
'ক্রেস্ট না, ক্যাশ চাই, ক্যাশ' এমন বক্তব্য দিয়ে চীফ হুইপ আ স ম ফিরোজ শুধু দুর্নীতি সহায়ক অবস্থানই নেননি, বরং সংবিধান লংঘন করেছেন বলে দাবি করেছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। চীফ হুইপের বক্তব্যের তীব্র সমালোচনা করে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এ ধরণের বক্তব্য শুধু ন্যাক্কারজনকই নয় বরং তা দেশের গণতন্ত্র ও সুশাসনের জন্য এক অশনিসংকেতও বটে।





