ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে দুটি পক্ষ। সরাসরি সংঘর্ষে না জড়ালেও পক্ষে-বিপক্ষে মিছিলে উত্তপ্ত হয়ে উঠেছে আশপাশ এলাকা। যে কোনো সময়ে সংঘর্ষের আশঙ্কা করছে সংগঠনটির নেতাকর্মীরা।

এদিকে রবিবার সকাল ৮টা থেকেই নতুন কমিটির নেতাকর্মী কার্যালয়ে সামনে অবস্থান নেয়। এ সময় আগের দিন কেন্দ্রীয় কার্যালয়ে বিদ্রোহী গ্রুপের দেওয়া তালা ভেঙে ফেলে তারা ভিতরে প্রবেশ করে।
নতুন কমিটির নেতাকর্মীরা বলছেন, বিএনপি চেয়ারপারসন নতুন কমিটির ওপর আস্থা রেখে তাদের নেতৃত্ব দিয়েছে। যে কোনো পরিস্থিতিতে সেই দায়িত্ব পালন করা হবে। এক্ষেত্রে বাধা আসলে প্রতিহত করা হবে বলে জানান তারা।

রপর বেলা সাড়ে ১২ টার দিকে পদবঞ্চিত নেতারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষই কমিটির পক্ষে –বিপক্ষে মিছিলে পুরো এলাকা উত্তপ্ত করে রেখেছে।
এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দ মূল ফটকের বা পাশে এবং পদবঞ্চিতরা মূলফটকের ডানপাশে অবস্থান নিয়ে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। নতুন কমিটির নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করছে আর পদবঞ্চিতরা কমিটি ভেঙ্গে দেওয়ার আহ্বান জানান।

উভয় পক্ষকে নিবৃত করার জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ বন্ধের আহ্বান জানান বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি হাত জোড় করে ছাত্রদলের নেতাদের কাছে বিক্ষোভ বন্ধের আহ্বানও জানান। কিন্তু উভয়পক্ষ তাদের অবস্থান ধরে রেখে শ্লোগান দিতে থাকে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, বিগত কমিটির সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছিলেন।

এর আগে শনিবার দিনভর বিক্ষোভ করে কমিটি বিলুপ্তির দাবি জানিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় পদবঞ্চিতরা। একই সঙ্গে রোববার সকাল থেকে কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষনা দেয় পদবঞ্চিত বিদ্রোহী নেতাকর্মীরা। সদ্য ঘোষিত ছাত্রদলের নতুন কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে তারা।
উল্লেখ্য, রাজিব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে গত মঙ্গলবার রাতে ২০১ সদস্যবিশিষ্ট ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি ঘোষণা করার পর থেকেই পদবঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন।

এদিকে দুপুরের পর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে পুলিশের অবস্থান গত কয়েকদিনের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাড়তি নিরাপত্তার জন্য রাখা হয়েছে রায়টকার, এপিসি কার, জল কামান এবং প্রিজন্যভান।

বাড়তি উত্তেজনার ফলে যাতে বড় ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য পুলিশের পাশাপাশি গোয়ন্দা সংস্থাসহ বিভিন্ন সংস্থার লোকজন নজরে রাখছে।

এমএইচ