বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে এ কর্মসূচি পালন করে সংগঠনের নেতা-কর্মীরা।

মিছিলটি পুরান ঢাকার রায় সাহেবের বাজার থেকে শুরু হয়ে নয়া বাজার মোড় হয়ে বংশাল থানার সামনে এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয় ।

সমাবেশে বক্তারা বলেন, এই অনির্বাচিত সরকার মিথ্যা মামলা দিয়ে দেশের ১৬ কোটি মানুষের নেতা তারেক রহমানকে রাজনীতি থেকে সরানোর চক্রান্ত করছে। সরকারকে বলতে চাই, তারেক রহমানের বিরুদ্ধে যে কোনো চক্রান্তকে রাজপথে থেকে মোকাবেলা করবে ছাত্রদল।

সমাবেশে বক্তব্য রাখেন জবি ছাত্রদল সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লব।

এ সময় আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম ইমন, মনিরুজ্জামান খান মনির, এবিএম বাকী জুয়েল, আব্দুল হান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক কেএম শাখাওয়াত হোসাইন, আবুল খায়ের ফরায়েজী, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক প্রমুখ।

এমই