জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য নাসিম ওসমান আর এ জগতে নেই । তিনি চলে গেছেন না ফেরার দেশে।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার দিবা গত রাত ১টার দিকে দিল্লির একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নাসিম ওসমান ডায়াবেটিকে ভুগছিলেন।
শামীম ওসমান বলেন, আমার বড় ভাই দেরাদুনে একটি হোটেলে উঠেছিলেন। রাতের খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হন। এ সময় তিনি দুই বার বমি করেন। এরপর দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শামীম ওসমান জানান, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
নাসিম ওসমান ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় পার্টির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
নাসিম ওসমানের বাবা একেএম সামসুজ্জোহা ১৯৭০ ও ৭৩ সালে তার আসনেরই সাংসদ ছিলেন।
নাসিম ওসমানের ছোট ভাই নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ শামীম ওসমান। অপর ভাই এ কে এম সেলিম ওসমান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি। নাসিম ওসমানের স্ত্রী পারভীন আক্তার। ছেলে আজমেরী ওসমান, মেয়ে আইরিন ও আফরিন ওসমান।
এদিকে, নাসিম ওসমানের মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ শোক প্রকাশ করেছেন।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ//এএইচ[/b]