বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের  বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার রাত ৯টায় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকটি শুরু হয়ে রাত ১১টায়  শেষ হয়।
বৈঠক শেষে দলের পক্ষ থেকে গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
তবে বৈঠক সূত্রে জানা গেছে সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা না হলেও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামী দিনে করণীয় কী হতে পারে সেই বিষয়ে দলের চেয়ারপারসন নীতি নির্ধারকদের মতামত নিয়েছেন। এছাড়াও উপজেলা নির্বাচনে দলের ভূমিকা কি হবে তাও আলোচনায় স্থান পেয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির একজন সদস্য  টাইমনিউজকে বলেন, দলের নেতাকর্মীদের মনোবল যেন ভেঙ্গে না পরে সে দিকটি মাথায় রেখেই আগামী দিনের কর্মসুচি প্রণয়নের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।
তিনি আরো জানান অন্যান্য সার্বিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি খুব দ্রুত ১৯ দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকের বিষয়েও আলোচনা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আর এ গনি, ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এম কে আনোয়ার,  ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ, বেগম সারওয়ারী রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান প্রমুখ।
ঢাকা, এমএইচ,৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর