ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন,সারাদেশের মতো ঢাকা আন্দোলনে অংশগ্রহণ করলে হাসিনা সরকারের পতন হয়ে যেত। এর দায় সে সময়ের কমিটির হলেও আমরা সবাই তার দায়িত্ব এড়াতে পারি না। তবে এবার সে রকম হবে না।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্র ঐক্যের কনভেনশনে নিজেদের দায় স্বীকার করে নেতাকর্মীদের আশ্বস্ত করেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে বিজয়ী হওয়ার লক্ষে এ কনভেনশনের আয়োজন করে '৯০-এরডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য।
মির্জা আব্বাস বলেন, আগে ঢাকায় যা হয়নি এখন তা হবে। আগের অবস্থার জন্য (আন্দোলন না হওয়ার) জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আর এজন্য ঢাকাকে গুছানোর কাজ চলছে। অল্প দিনের মধ্যেই পূনর্গঠনের কাজ শেষ হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের স্বৈরাচারী কার্যক্রম দেখে '৯০-এ ফিরে যেতে ইচ্ছে করছে। সুতরাং আরেকটি গণ-অভ্যুত্থান চাই। ছাত্র ঐক্যের সঙ্গে সেই সময় যুব ঐক্যও আন্দোলনে রাজপথে ছিল।
ঢাকা মহানগরের এ আহ্বায়ক বলেন, আন্দোলন হবে, আমরা আন্দোলন করব। সে আন্দোলনে শেখ হাসিনা নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার দিন শেষ হয়ে গেছে। এবার আন্দোলনে আমাদেরকে পাশে পাবেন বলে নেতাকর্মীদেরকে আস্বস্ত করেন। কনভেনশনে সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান ও পরিচালনা করেন সাবেক এজিএস খায়রুল কবীর খোকন।
কনভেনশনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং সাবেক ও বর্তমান ছাত্রনেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এমএইচ/কেএইচ





