গণতান্ত্রিক অধিকার হরণ করতে সরকার এবার হরতাল বন্ধের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেছেন, ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এমনিতে গণতান্ত্রিক অধিকার বা মানবাধিকার বলতে কিছু নেই। এরপরও যতটুকু আছে হরতাল বন্ধের মাধ্যমে সরকার সেটুকুও কেড়ে নিতে চাইছে।’

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে মিলনায়তনে বিএনপি চেয়ারপারসনের ৭ম ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে মহিলা দল ঢাকা মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলেই হরতাল বন্ধের কথা বলছে-অভিযোগ করে নোমান বলেন, ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হওয়ার ভয়ে তারা (আওয়ামী লীগ) জনগনের বিপক্ষে অবস্থান নিয়ে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে ক্ষমতা আকড়ে ধরে রাখতে চায়।

দেশের মানুষ দু:সময়ের মধ্যে আছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘সারাদেশ কারাগারে পরিণত হয়েছে। প্রত্যন্ত ইউনিয়ন থেকে রাজধানী ঢাকা পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে প্রতিদিন তাদের গ্রেফতার করা হচ্ছে। কারন শেখ হাসিনা চায় দেশে একক রাজনৈতিক দল হিসেবে শুধু আওয়ামী লীগই থাকুক।’

জনগণের অংশগ্রহণে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে জানিয়ে নোমান বলেন, জনগণ ঐক্যবদ্ধ হলে তা বুলেটের চেয়েও শক্তিশালী হবে। আইয়ুব খান, ইয়াহিয়া খানও ক্ষমতা ধরে রাখতে পারেনি। এই সরকারও পারবে না।

একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ওসমান ফারুক।

তিনি বলেন, সংবিধান সংশোধন করে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে দেওয়ার উদ্যাগ বাকশালকে নিকৃষ্টতমভাবে প্রতিষ্ঠিত করছে।

তিনি বলেন, ‘পাকিস্তান আমলে যেভাবে নিবর্তনমূলক বিভিন্ন আইনের মাধ্যমে জনগণকে চাপে রাখা হতো, এখনও তাই করা হচ্ছে। এ সরকারের ওপর পাকিস্তানের প্রেতাত্মা ভর করেছে।’

জাতীয়তাবাদী শক্তিকে নি:শেষ করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

সরকারের বিরুদ্ধে ‘সীমাহীন’ দুর্নীতির অভিযোগ করে ড. ওসমান ফারুক বলেন, ‘দূর্নীতি কাকে বলে, কত প্রকার ও কি কি; তা জানতে হলে এ সরকারের দিকে তাকাতে হবে। কিন্তু তাদের কথাবার্তা শুনলে মনে হয়, তারা ধোয়া তুলসী পাতা।’

মহিলা দল ঢাকা মহানগর শাখার সভাপতি সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনটির সভাপতি নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতারা প্রমূখ।

ঢাকা, এমএইচ, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ