বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অনশনরত তোবা গার্মেন্টসের শ্রমিকের ওপর পুলিশের নির্দয় ও বেপরোয়া লাঠিচার্জ এবং গার্মেন্টস ফ্যাক্টরীর ভেতর থেকে অনশনরত মুমূর্ষ শ্রমিকদের বের করে দেয়া অমানবিক ও ন্যাক্কারজনক আখ্যা দিয়ে ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি।

বৃহস্পতিবার দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি এই ঘটনাকে মধ্যযুগীয় অন্ধকারের সঙ্গে তুলনা করে আরও বলেন, দেশে বর্তমানে বর্বরদের শাসন চলছে। আমরা কোনো সভ্য সমাজের মানুষ একথা ভাবতেও ঘৃনা হচ্ছে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো যখন তোবা গার্মেন্টস এর শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস এর দাবিতে সোচ্চার।

অন্যদিকে বর্তমান সরকার, বিজিএমইএ এর সরকারী মদতপুষ্ট একশ্রেণীর নেতা এবং তোবা গার্মেন্টস কর্তপক্ষ শুধু নির্বিকারই নয় বরং ন্যায্য দাবিতে অনশনরত শ্রমিকদের ওপর পুলিশি আক্রমণে আবারো প্রমাণিত হলো এ দেশ অপরাধীদের দ্বারা পরিচালিত হচ্ছে-আইনের দ্বারা নয়।

মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা গালভরা বুলি আওড়াচ্ছেন তারা ৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রশাসনকে নিজেদের লোক দিয়ে সাজিয়ে দেশে স্বৈরতন্ত্র কায়েম করে এক ব্যক্তির খেয়াল খুশীতে দেশ চালাচ্ছে।

দেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার এবং পোশাক উৎপাদন ও রপ্তানীকারক প্রতিষ্ঠান অর্থাৎ বিজিএমইএ এর কতিপয় সরকারি মদতপুষ্টরা যথাযথ ভূমিকা নিলে তোবা গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস সংক্রান্ত সমস্যার সমাধান দ্রুত সময়ের মধ্যেই সম্ভব।

বিএনপির এই মুখপাত্র সরকার এবং তোবা গার্মেন্টস গ্রুপ কর্তৃপক্ষের এধরনের অমানবিক, ন্যাক্কারজনক ও বর্বরোচিত ঘটনায় তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তোবা গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদানে যথাযথ উদ্যোগ নিতে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

ঢাকা, এমএইচ, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর