আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে সেনা মোতায়েনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। অবশ্য সারাদেশের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে তাই সেনা মোতায়েনের দরকার নেই বলে আগেই জানিয়ে দিয়েছেন সিইসি।

মঙ্গলবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে সিইসির সঙ্গে দেখা করেন। ঘণ্টাখানেক পর সেখান থেকে বেরিয়ে মঈন খান সাংবাদিকদের জানান, পৌর নির্বাচন ঘিরে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে।

মঈন খানের ভাষায়, পৌর নির্বাচনে মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন সেজন্যই সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, গত দুই সপ্তাহে পৌরসভাগুলোতে ব্যাপক সহিংসতা হয়েছে। এজন্য সিইসির কাছে সেনা মোতায়েনের অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার সকালে পটুয়াখালীতে বিএনপির প্রার্থী হাজি হুমায়ুন সিকদারের নির্বাচনী প্রচারণায় সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ওই হামলা চালায়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ বিষয়টিও উল্লেখ করেন মঈন খান।

গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান।

মঈন খান ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম ও সুজাউদ্দিন, দলের যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এবং যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।

এমএইচ