আজ ঢাকা উত্তর-দক্ষিন এবং চট্টগ্রাম সিটি সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দানের শেষ দিন। আজ অনেকেই মনোনয়ন সংগ্রহ করেছেন এবং পুর্বে সংগ্রহ করেছিলেন এমন অনেকেই মনোনয়ন জমা দিয়েছেন।
যারা যারা মনোনয়ন সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন তাদের তালিকা নিচে দেয়া হল:
আবদুল আউয়াল মিন্টু:
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু।
রোববার দুপুর আড়াইটার দিকে মিন্টুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ছেলে তাফসির আওয়াল।
আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে অবস্থিত ঢাকা উত্তরের রিটার্নিং অফিসে মনোনয়নপত্রটি জমা দেওয়া হয়।
তাবিথ আউয়াল:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর সাথে সাথে তার ছেলে তাবিথ আউয়ালও ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আজ রোববার।
রোববার বেলা সোয়া ১টার দিকে রাজধানীর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাবিথ ইসলামের পক্ষে সাজ্জাদ উল ইসলাম নামে এক ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সাঈদ খোকন:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাঈদ খোকন।
রোববার দুপুর সাড়ে ১২টার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মীর সরোয়ারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন সাঈদ খোকন।
এ সময় সাঈদ খোকনের সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার ফজলে নূর তাপস, মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. আবদুর রাজ্জাক প্রমুখ।
আনিসুল হক:
আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে অবস্থিত উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রবিবার বিকেল ৩টায় মানোনয়নপত্র দাখিল করেন আনিসুল হক।
গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটি করপেরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদের কার্যালয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেন সাঈদ খোকন।
আনিসুল হক মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। স্বপ্নের ঢাকা গড়তে আমি কাজ করবো।
আবদুস সালাম:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা আবদুস সালাম।
রাজধানীর গুলিস্থানে নাট্যমঞ্চে অবস্থিত অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে রবিবার বিকেল সোয়া ৩টায় সালামের পক্ষে তার স্ত্রী ফাতেমা সালাম মনোনয়নপত্র জমা দেন।
নাসির উদ্দিন আহমেদ পিন্টু:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। কারাবন্দি পিন্টুর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন তার স্ত্রী কল্পনা আক্তার।
রোববার বিকেল ৩টায় গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মিহির সারোয়ার মোর্শেদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
কল্পনা আক্তার সাংবাদিকদের বলেন, তার স্বামী একজন ত্যাগী নেতা। নিজ দল বিএনপি থেকে সমর্থন দিলে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন।
এম মনজুর আলম:
আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থীত প্রার্থী মনজুর আলম।
রোববার সকালে নগরীর লাভ লেইনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো.আব্দুল বাতেনের কার্যালয়ে এম মনজুর আলম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আ জ ম নাছির:
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলমের পর মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে আ জ ম নাছির নগরীর লাভ লেইনস্থ নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার আবদুল বাতেনের হাতে মনোনয়নপত্র জমা দেন।
আ জ ম নাছিরের মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত দুই প্রার্থীই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু:
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রোববার ১টায় রাজধানীর স্থানীয় সরকার ইনস্টিটিউটে ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
সাইফুদ্দিন আহমেদ মিলন:
রোববার দুপুর সোয়া ২টায় রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মিহির সারোয়ার মোর্শেদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
ববি হাজ্জাজ ও কামরুল ইসলাম:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ববি হাজ্জাজ ও এ ওয়াই এন কামরুল ইসলাম।
রোববার দুপুরে আগাঁরগাওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) অবস্থিত ঢাকা উত্তরের অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মানোনয়নপত্র জমা দেন।
জাতীয় পার্টি থেকে অব্যাহতিপ্রাপ্ত ববি হাজ্জাজ জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর বিপরীতে নির্বাচন করবেন। ববি হাজ্জাজ মনোনয়নপত্র জমা দেওয়ার কিছুক্ষণ পরই বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত মেয়রপ্রার্থী কামরুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।
জোনায়েদ সাকি:
গণতান্ত্রিক বাম মোর্চা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শনিবার বিকাল ৫টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটির রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ ছাড়া দক্ষিণ থেকে সকালে মনোনয়নপত্র জমা দেন ভাড়াটিয়া পরিষদের নেতা বাহারামে সুলতান বাহার ও স্বতন্ত্র প্রার্থী এ এস এম আকরাম।
নাদের চৌধুরী ও সারা বেগম কবরী:
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাসদ নেতা ও অভিনেতা নাদের চৌধুরী ও চিত্রনায়িকা ও প্রাক্তন সংসদ সদস্য সারা বেগম কবরীর মনোনয়নপত্র জমা দিয়েছেন উত্তর সিটিতে।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে আগারগাঁওয়ে ঢাকা উত্তরের রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা এ মনোনয়নপত্র জমা দেন।
ড.আসাদুজ্জামান রিপন:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে অবস্থিত ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা মিহির সরোয়ার।
ইআর





