বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস বলেছেন, আমাদের জনসভায় যারা এসেছেন সবাই বিএনপির নেতাকর্মী নয়। অধিকাংশই সচেতন জনগণ। জনগণকে নিয়ে আমরা রাস্তায় নামলে সরকার পালানোর পথ পাবেনা। এদেশে অপকর্ম করে পার পাওয়া যাবেনা।
বিচারপতিদের অভিশংসন সংসদে নেয়ার প্রতিবাদে বুধবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ২০ দলীয় জোটের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এদেশের জনগণ এ সরকারকে আর চায়না। অবিলম্বে পদত্যাগ করুন। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। বাংলাদেশের জনগণ স্বাধীনকার রক্ষার জন্য রাস্তায় নামবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার লোকজন তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করছেন। কোনো ধরণের তথ্য প্রমাণ ছাড়া তারা তারেক রহমানকে নিয়ে মনগড়া সব তথ্য দিচ্ছেন। এটা মিথ্যাচার ছাড়া কিছুই নয়।
প্রেসক্লাবের ভেতরে স্লোগান না দেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, সব জায়গায় স্লোগান বা ব্যানার প্রদর্শনের প্রয়োজন নেই। যেখানে প্রয়োজন সেখানে দেখাবেন। এখানে স্লোগান দিবেন না।
সরকারের নির্যাতনের খবর আরও বেশি পরিমাণে প্রদর্শনে এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান জানান।
২০ দলীয় জোটের পক্ষে জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মুজিবুর রহমান পেশোয়ারি, লেবার পার্টিল চেয়ারম্যান মোস্তাফিজুল রহমান ইরান, এনপিডির মহাসচিব আলমগীর মজুমদার, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাড. মো. আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী-খান সোহেল, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





