শহীদ বুদ্ধিজীবী দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে তাদের কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয় ক্ষণে, দলের কেন্দ্রীয় কার্যালয়ে, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ।

এরপর সকাল ৮:১০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন। ৮:৪০ মিনিটি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন।

সকাল ৯:১০ মিনিটে রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। সর্বশেষ বিকাল ৩:০০টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (খামার বাড়ি) আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট বুদ্ধিজীবীগণ বক্তব্য রাখবেন।সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলের কেন্দ্রের ন্যায় সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে যথাযোগ্য মর্যাদায় দেশের সকল শাখা আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

এমআর/এসএইচ