২০ দলীয় জোটের অবরোধ ও হরতাল প্রত্যাহার না হলে আগামী ২৫ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সরকার সর্মথিত কয়েকটি সংগঠন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, বাংলাদেশ হিউম্যান হলার শ্রমিক লীগ।
বৃহস্পতিবার দুপুরে গুলশানের ২ নম্বর গোল চক্করে সরকার সর্মথিত বিভিন্ন সংগঠনের পক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী এ কর্মসূচি ঘোষণা করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী আরও বলেন, ২৫ তারিখের মধ্যে যদি খালেদা জিয়া অবরোধ,হরতাল তুলে না দেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেব। আর তা হবে খালেদা জিয়ার জন্য করুন পরিণতি।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাও কর্মসূচী করতে মিছিল নিয়ে গুলশান ২ নম্বর থেকে ৮৬ নং রোডে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের থামিয়ে দেয়। এ সময় ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এরপর তারা সেখানেই অবস্থান নিয়ে বিএনপি-জামায়াত ও খালেদা জিয়ার বিরদ্ধে শ্লোগান দিতে থাকে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের এই নেতা আরও বলেন, এ ঘেরাও কোনো দলীয় কর্মসূচী নয়। আমরা এখানে বাঁচার দাবি নিয়ে এসেছি। থালেদা জিয়া তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বাসে গাড়িতে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছে। শিশুদের হত্যা করছে। অনৈতিক অবরোধের কারণে মানুষ মানবেতর জীবনযাপন করছে।
অন্যদিকে একই সময় গুলশান গোলচক্করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। তারাও খালেদা জিয়ার গ্রেফতার দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।
এদিকে, কার্যালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সমর্থিত সড়ক পরিবহন শ্রমিক লীগ গত রবিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে। তাদের ঘোষিত কর্মসূচি সফল করতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করে সংগঠনটি। এর আগে মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটি তাদের প্রস্তুতিমূলক সভাও করে। সংগঠনটি আল্টিমেটাম দেয়- বুধবারের মধ্যে বিএনপির ডাকা লাগাতার অবরোধ প্রত্যাহার না করা হলে বৃহস্পতিবার খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাও করবে তারা।
অন্যদিকে, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ গত সোমবার খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিল।
এমএইচ/ইআর





