সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলামকে অবিলম্বে তার পরিবার-পরিজনদের নিকট ফিরিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, "অধ্যাপক রফিকুল ইসলামের জন্য তার স্ত্রী, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিনযাপন করছেন।"

তিনি আরো বলেন, 'গত ১ অক্টোবর মাওলানা রফিকুল ইসলামকে ঢাকা আসার পথে সাভার থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অন্যায়ভাবে আটক করে নিয়ে যায়।

কিন্তু তারপর আজ ১১ দিন অতিবাহিত হলেও তাকে আটক করার কথা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্বীকার করছে। তিনি এখন কোথায় ও কি অবস্থায় আছেন তা জানানোর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।'

ডাঃ শফিকুর রহমান বলেন, 'তাকে আটক করার পর আটকের কথা অস্বীকার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে।

সরকারের এহেন অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশী-বিদেশী সকল মানবাধিকার সংস্থা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।'

এমকে