বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে মিথ্যা অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি।
আজ বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি বিভিন্ন স্থানে নিজেরাই নিজেদের উপর হামলা করে তার দায়ভার আওয়ামী লীগের উপর চাপাচ্ছে। নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের তিনজন নিহত হয়েছে।
মির্জা ফখরুল আর কামালের নির্বাচন কেন্দ্র পাহারার ঘোষনায় বিএনপি জামাত আরো সন্ত্রাসী হয়ে উঠেছে বলে অভিযোগ করে বলেন, ঐক্যফ্রন্ট তাদের নিজেদের লোক দিয়ে গোলযোগ সৃষ্টি করছে। ঝিনাইদাহে আওয়ামী লীগ অফিসে বোমা হামলা, মুন্সিগন্জে ১৪ দলীয় প্রার্থী মাহী বি চৌধুরীর উপর হামলা, সিলেট-৪ আসনে আওয়ামীলীগ প্রার্থীর উপর হামলা এবং টাঙ্গাইলের সফিপুরে পুলিশের গাড়িতে হামলাসহ বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়েছে তারা।
আব্দুর রহমান জানান,নির্বাচন কমিশনকে সরকার সর্বোচ্চ সহায়তা করছে। তারপরেও বিএনপি ঐক্যফ্রন্ট বিভিন্ন অসত্য অভিযোগ করছে এবং নানা অজুহাতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
এসময় ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান, প্রকৌশলী আব্দুস সবুর, জাহাঙ্গীর কবির নানক সহ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এম বিল্লাহ





