জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ করার হীন উদ্দেশ্যেই কতিপয় জাতীয় দৈনিক পত্রিকা সিন্ডিকেট রিপোর্ট প্রকাশ করছে বলে অভিযোগ দলটির।

আজ ২৪ অক্টোবর এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ এ অভিযোগ করেন।

বিবৃতিতে হামিদুর রহমান আযাদ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ করার হীন উদ্দেশ্যেই কতিপয় জাতীয় দৈনিক পত্রিকায় পুলিশের আইজিপি এ.কে.এম শহিদুল হকের বক্তব্যের বরাত দিয়ে পুলিশের এএসআই জনাব ইব্রাহিম মোল্লার হত্যার সাথে জামায়াত ও ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা সিন্ডিকেটেড রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, পুলিশের এ.এস.আই জনাব ইব্রাহিম মোল্লার হত্যার ঘটনার সাথে জামায়াত ও ছাত্র শিবিরের কোন সম্পর্ক নেই। পুলিশের হাতে গ্রেফতারকৃত মাসুদ রানার সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই।

তিনি আরো বলেন, পুলিশের আইজিপি জনাব এ.কে.এম শহিদুল হক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতা ঢাকা দেয়ার উদ্দেশ্যেই জামায়াত ও ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করেছেন।

অতীতেও সিন্ডিকেট মিথ্যা রিপোর্ট প্রকাশ করে জামায়াত ও ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ করার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু তাদের সকল রিপোর্টই মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এই জামায়াত নেতা।

ইআর