যাত্রাবাড়িতে জনসভা করতে না দেয়ার প্রতিবাদে শনিবার বিকালে রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ঢাকা মহানগর বিএনপি। এর আগে শুক্রবার বিএনপি এই কর্মসূচি ঘোষণা করে।
বিএনপি নেতাদের অভিযোগ, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ‘খুন-গুমের’ প্রতিবাদে বিএনপি যাত্রবাড়ীতে এই জনসভা করতে চেয়েছিল। কিন্তু প্রসাসন তাদেরকে এ কর্মসূচি পালনের অনুমতি দেয়নি।
বিএনপি সূত্রে জানা গেছে, ডেমরা-যাত্রাবাড়ী-শ্যামপুর-কদমতলী থানা বিএনপির যৌথ উদ্যোগে নারায়নগঞ্জ সড়কের খন্দকার রোড হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।
বিএনপি নেতাদের দাবি, মিছিলটি ধোলাইপাড় আসা মাত্র পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ মিছিলকারীদের ধাওয়া করলে অন্তত ৬ নেতাকর্মী আহত হয়।
ওই মিছিলে বিএনপি নেতা নবীউল্লাহ নবী, মীর হোসেন মীরু, আ.ন.ম সাইফুল ইসলাম, মজিবুর রহমান খান প্রমুখ নেতৃত্ব দেন।
এদিকে বিএনপি নেতা আতিকুল ইসলাম মতিন ও ওসমান গনি শাজাহানের নেতৃত্বে সাত মসজিদ রোড আল্লা করিম মসজিদের সামনে থেকে কাটাসুর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে মোহাম্মদপুর থানা বিএনপি।
শেরেবাংলা নগর থানা বিএনপি আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে থেকে মিছিল বের করে তালতলা বাসস্ট্যান্ডের সামনে এক সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে কর্মসূচি শেষ করে।
এছাড়াও ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর, কদমতলী, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর, তেজগাঁও, বাড্ডা, দারুস সালাম, মিরপুর, পল্লবী থানা, সূত্রাপুর, শাহবাগ, বংশাল কোতয়ালী, পল্টন, রমনা, ধানমন্ডি ও খিলগাঁও থানা বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ এলকায় বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গেছে।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]