ঢাকা উত্তর সিটি করপোরেশনে আব্দুল্লাহ আল কাফি রতন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বজলুর রশীদ ফিরোজের প্রতি সমর্থন ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মুক্তি ভবনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক সমর্থনের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে বলা হয়, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিন। ঢাকার মানুষ যাতে উৎসবের আমেজে, গণতান্ত্রিক পরিবেশে সকলের ভোটাধিকার প্রয়োগে নিশ্চিতভাবে তাদের আপন প্রার্থী বেছে নিতে পারেন তার ব্যবস্থা করুন। এটি না হলে এই নির্বাচনও মানুষের আস্থা অর্জনে সক্ষম হবে না।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবি কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স। সূচনা বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন।

এ সময় উপস্থিত ছিলেন— সিপিবির প্রেসিডিয়াম সদস্য শামসুজ্জামান সেলিম, বাসদের কেন্দ্রীয় নেতা জাহেদুল হক মিলু, সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় নেতা ডা. সাজেদুল হক রুবেল, বাসদের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় সংস্থাগুলোর নির্বাচন নিয়মিত হওয়া জরুরি। তাই দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এই নির্বাচন বিশেষ গুরুত্ব বহন করছে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘কার্যকর নগর সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকার উন্নয়ন কাজে নিয়োজিত সংস্থাগুলোর সমন্বয় ছাড়া ঢাকাকে সকলের বাসযোগ্য নগরীতে পরিণত করার উদ্যোগকে এগিয়ে নেওয়া যাবে না।

জেআই