বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে দুই দেশের মধ্যে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীর মধ্যে ৩৮টি নদীর উজানে ছোট বড় বহু ব্যারেজ, ড্যাম ও গ্রীয়েন, জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে একতরফা পানি প্রত্যাহার করছে ভারত।
বৃহষ্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ইরান বলেন, বাংলাদেশকে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্থান, স্পেন, স্লোভাকিয়ার মত কঠোর অবস্থান নিতে হবে। কারন এসব দেশ যথাক্রমে ভারত, ফ্রান্স ও হাঙ্গরীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে নিজ নিজ দেশের পানির অধিকার আদায় করতে সক্ষম হয়।
আন্তঃনদী সংযোগ প্রকল্প বন্ধের দাবি জানিয়ে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যর বিকল্প নেই বলে মন্তব্য করে তিনি বলেন, ভারতের পানি অগ্রাসন মোকাবেলায় পারস্পরিক হিংসা বিদ্বেষ পরিহার করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
ভিয়েতনাম ও কম্বোডিয়ার আপত্তির মুখে লাওস মেকিং নদীতে জলবিদ্যুৎ প্রকল্প নির্মানের কাজ স্থগিত করতে বাধ্য হয়েছিলো জানিয়ে ইরান বলেন, পরিবেশ বিপর্যয়ের কারনে বাংলাদেশের কঠিন পরিনতি ও বাস্তবতার মুখোমুখি হতে হবে, এজন্য এই আন্দোলনে দলমত নির্বিশেষে এবং দেশে বিদেশে অবস্থানরত প্রত্যেক বাংলাদেশী অংশগ্রহণ করতে হবে।
সংগঠনের ঢাকা মহানগর সভাপতি শামছুদ্দিন পারভেজের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান ফরিদ উদ্দিন, এমদাদুল হক, যুগ্ম মহাসচিব হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা প্রমুখ।
এমএ/এআই





