বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, মনে হচ্ছে যেন আমরা আজ ভয়ঙ্কর মৃত্যুপুরিতে বসবাস করছি। আজ যার কথা বলছি কাল আরেকজনের কথা বলতে হচ্ছে। বিপন্ন অস্থির সময়ে বসবাস করছি। প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের। বাতাসে শুধুই লাশের গন্ধ। এতো লাশ রাখব কোথায়?
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, গণতন্ত্র বলতে সোচ্চার, বিবেকের স্বাধীনতা অধিকার জন্মগত অধিকার। দেশে আজ মানবাধিকার ভয়ঙ্করভাবে লংঘিত হচ্ছে।
লক্ষ্মীপুরের বিএনপি নেতা ওমর ফারুকের গুম হওয়া প্রসঙ্গে রিজভী বলেন, তাকে র্যা ব তুলে নেয়ার পর তার আর কোনো খোঁজ বা হদিস পাওয়া যাচ্ছে না। আমরা বিবৃতি দেয়ার পরও নানাভাবে চেষ্টা তদবির দেন দরবার করেও তার খোঁজ এখনো পাওয়া যায়নি।
সিরাজগঞ্জের বিএনপি নেতা জবানকে হত্যা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, কয়েকদিন আগে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হত্যা করেছে। আজ তার লাশ পাওয়া গেছে।
বিএনপির আরেক নেতা জাহাঙ্গীর আজ ১৫ দিনের মতো নিখোঁজ। এখনো তার হদিস পাওয়া যায়নি।
ক্রসফায়ারের হত্যাকাণ্ড ও গুমের ঘটনার তীব্র নিন্দা করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিএনপি সবসময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে।
সংবাদ সম্মেলনের অন্যদের মধ্যে দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]