আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপকর্ম করে কেউ ছাড় পাবে না। যেসব নেতার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে গেছে, তারা কেউই ছাড় পাবে না।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনে বিআরটিসির চলমান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিক-নির্দেশনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দলের যত বড় নেতাই হোক না কেন তারা কেউই ছাড় পাবে না। তবে সবার বিরুদ্ধেই দলীয় ব্যবস্থা নেওয়া হবে না। অনেকের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
কাদের বলেন, নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব সংস্থার পাশাপাশি বিভিন্ন সংস্থার প্রতিবেদনও প্রধানমন্ত্রীর কাছে রয়েছে।
এসময় ছাত্রলীগের মত যুবলীগের কমিটিও ভেঙে দেওয়া হবে কি-না জানতে চাইলে তিনি একথা বলেন।
তিনি বলেন, যুবলীগ নিজেরাই নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে একটি সেল গঠন করেছে। তারা নিজেরাই শোধরানোর পথ বেছে নিয়েছে।
গত শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলের সভাপতি শেখ হাসিনা যুবলীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সম্পাদকের চেয়ে খারাপ বলে মন্তব্য করেন।
বিআরটিসির বাস সার্ভিস নিয়ে তিনি বলেন, লাভ বড় করে না দেখে, জনগণের সার্ভিসে গুরুত্ব দিতে হবে। বিআরটিসিতে সচ্ছলতা নিশ্চিত করা গেলে এখানে লাভের মুখও দেখা যাবে। বিআরটিসির চেয়ারম্যান আসে, চেয়ারম্যান যায়। ভাগ্যের উন্নয়ন হয় না। বার বার সেই পুরানো অভিযোগ।
তিনি আরো বলেন, ঠিকমত গাড়ি মেরামত হয় না, কিছু কিছু ডিপোর শ্রমিকরা বেতন পায় না। এখানকার দুর্নীতি নিয়ে প্রায়ই লেখালেখি হয়। নতুন চেয়ারম্যানকে বলেছি- জনবল কম হলে কম নিয়েই কাজ চলবে, কিন্ত দুর্নীতিবাজদের দরকার নেই। হেলপারকে দিয়ে বাস চালাবেন না। এতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়।
এএস





