বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী মোহাম্মাদ মুজাহিদকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং তিনিসহ আটক জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ঘোষিত ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করায় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
তিনি বলেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জামায়াতকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে শাস্তি দেয়ার ব্যবস্থা করছে। সরকারের ষড়যন্ত্র এবং চক্রান্ত্রের শিকার জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। তাকে হত্যার উদ্দেশ্যে সরকার তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তাকে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেছে। সরকারের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং তাকে অবিলম্বে মুক্তির দাবিতে জামায়াত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করেছিল।
হরতাল চলাকালে পুলিশ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, সাতক্ষীরা, রংপুর, গাইবান্ধা, যশোর, ঝিনাইদহ ও নড়াইলসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে জামায়াত ও ছাত্রশিবিরের ৫ শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। জনগণ শান্তিপূর্ণভাবে হরতাল পালন করে জনাব মুজাহিদের মুক্তির পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছে।
তিনি বলেন, এ সরকার মত প্রকাশের স্বাধীনতা ও জনগণের মৌলিক অধিকারের প্রতি বিশ্বাস করে না। সরকার জুলুম-নির্যাতন-নিপীড়ন চালিয়ে জনগণের আন্দোলন বন্ধ করার যে অপকৌশল গ্রহণ করেছে তা কখনো বাস্তবায়ন হবে না।
জুলুম-নির্যাতন-নিপীড়ন উপেক্ষা করে দেশের আপামর জনতা অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছে, জামায়াত ঘোষিত হরতাল কর্মসূচি সফল করে তুলেছে সে জন্য জামায়াতের পক্ষ তিনি দেশের সর্বস্তরের জনতাকে আন্তরিকভাবে অভিনন্দন জানান।
কেএইচ





