একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার রাষ্ট্রপতির কাছে একটি পিটিশন জমা দেবে। বিভিন্ন দেশের এমপি-মন্ত্রী-মানবাধিকার সংগঠন যে এই বিচারকে ‘ভুল’ বলে চিহ্নিত করেছে তা তুলে ধরা হবে ওই পিটিশনে।
শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের।
তিনি বলেন, আইনজীবীদের সঙ্গে দেখা না করে তিনি (সালাউদ্দিন কাদের চৌধুরী) সিদ্ধান্ত নিতে পারছেন না। আর তার সিদ্ধান্ত না জানা গেলে ক্ষমা চাওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকেও কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব হচ্ছে না। অন্য কোনো পদক্ষেপও নেয়া যাচ্ছে না।
তিনি আরো বলেন, আমরা দেখা করার জন্য প্রথমবার আবেদন কলে আমাদের পরিবারের ১৫ সদস্যকে দেখা করার অনুমতি দেয়া হয়। কিন্তু পরে আইনজীবীরা দেখা করার অনুমতি চাইলে তাদের অনুমতি দেয়া হয়নি। ফলে আমরা জানতে পারছি না তিনি রাষ্ট্রপ্রতির কাছে ক্ষমা চাইবেন কি না।
এমসয় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, এম ওসমান ফারুকসহ সালাহউদ্দীন কাদের চৌধুরীর পরিবারের অন্য সদস্যরা।
এমএইচ





