জমিতে কাজ করার সময় র‌্যাব কর্তৃক গ্রেপ্তারের পর গাইবান্ধা পলাশবাড়ী থানার ফরকান্দাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও শিবির কর্মী আইয়্যুব আলীকে গুলি এবং ঢাকা কলেজের ছাত্র আবু হাসান, ঢাকা পলিটেকনিকের ১ম বর্ষের ছাত্র সজিব, ঢাকা সিটি কলেজের ছাত্র আব্দুল মান্নান, আব্দুল্লাহ এবং রাজশাহী মহানগরী শিবির কর্মী রফিকুল ইসলামকে গ্রেপ্তারের পর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, বাড়ীর পাশে জমিতে কাজ করার সময় গাইবান্ধায় শিবির কর্মী আইয়্যুব আলীকে কোন কারণ ছাড়াই গ্রেপ্তারের পর গুলি করে র‌্যাব।

এতে সে মারাত্মক আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধিন আছে। অন্যদিকে গত ৬ ফেব্রুয়ারী রাজধানী থেকে ৪জনকে গ্রেপ্তারের পর ইতিমধ্যেই শিবির নেতা জসিম উদ্দিনকে হত্যা করা হয়েছে।

অন্যদের উপর চালাচ্ছে বর্বর নির্যাতন। একই ভাবে পড়ার টেবিল থেকে উঠিয়ে নিয়ে রাজশাহীতে শিবির কর্মী রফিকুল ইসলামকে নির্যাতন করছে পুলিশ। তাতে তার জীবনহানীর আশঙ্কা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক একের পর এক যে ভাবে মেধাবী ছাত্রদের গুলি করছে তাতে মনে হয় তারা জাতি বিনাশের মিশন নিয়ে নেমেছে।

নেতৃবৃন্দ বলেন, ডাকাতের মতো নির্বিচারে গুলি নির্যাতন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে কোন ভাবেই কাম্য নয়। পুলিশকে বর্বতার হাতিয়ার রুপে দেখে জাতি আজ হতাশ ও বিক্ষুদ্ব। জনগণের টাকায় পালিত হয়ে কিভাবে সেই জনগণের উপর গুলি চালায় র‌্যাব-পুলিশ তা বিবেক সম্পন্ন মানুষের বোধগম্য নয়।

আমরা হুশিয়ার করে বলতে চাই, আমাদের ধৈর্য্যরে পরীক্ষা নেবেন না। জনগণ অবৈধ সরকারের সাথে সাথে আপনাদের উপরও বিক্ষুদ্ব হয়ে উঠেছে। যদি জনতার ধৈর্য্যের বাধ ভেঙ্গে যায় তাহলে পরিণতি কারো জন্যই শুভ হবেনা।

নেতৃবৃন্দ অবিলম্বে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার এবং আহত শিবির কর্মীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা ও তাকে মুক্তি দিতে  সরকারের প্রতি আহ্বান জানান। 

এসএইচ