আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপি আবার জ্বলাও-পোড়াও রাজনীতিতে ফিরে গেছে। যার উদাহারণ আমরা দেখলাম সম্প্রতি রাজধানীতে কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনায়। অপরাজনীতির জন্য জণগণ বিএনপির আন্দোলনে সাড়া না দেওয়ায় তারা আবার প্রতিশোধ নিতে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।”
আজ (২২ নভেম্বর) রোববার কক্সবাজামন নৌবাহিনী শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কের নির্মাণ প্রকল্পের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
সেতুমন্ত্রী বলেন, “শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সব দলের রয়েছে। কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি বিনষ্টের কোনও অপচেষ্টা করলে সমুচিত জবাব দেবে সরকার।”
বিএনপি অস্বীকার করলেও ভিডিও চিত্রে সব প্রকাশিত হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “মুখচ্ছবি কখনও মুখোশ দিয়ে ঢাকা যায় না। কথামালার চতুরতা দিয়ে সব ভুলিয়ে রাখা যায় না। বিএনপি যেকোনও নির্বাচনে পরাজিত হলেই দোষ চাপায় সরকারের ও নির্বাচন কমিশনের ওপর। আর জয়ী হলে বলে সরকার হস্তক্ষেপ না করলে আরও বেশি ভোটে জিততে পারতো।”
এমবি





