নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষে ৩০টি আসন পাওয়া দুষ্কর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

শুক্রবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ড. রিপন বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে-শাসক দলের পক্ষে ত্রিশটি আসনও পাওয়া দুষ্কর হবে। এটা বোধহয় উপলদ্ধি করতে পেরেই তারা জনগণের ভোটাধিকার হরণ করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার এক অলীক স্বপ্ন দেখছেন।

তিনি বলেন, তারা জনগণের চোখের ভাষা, হৃদয়ের স্পন্দন বুঝতে অক্ষম হয়ে গেছেন। স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি সরকারকে শুধু অন্ধই করছেনা, শাসকগোষ্ঠীর উন্মাষিকতা, অহঙ্কার, জনগণের আকাঙ্খার বিপরীতে অবস্থান-তাদের মরিচিকার পথেই হাতছানি দিচ্ছে।

সংলাপ বিষয়ে ড. রিপন বলেন, পতিত স্বৈরাচার এরশাদ সহযোগে গঠিত একটি বিনাভোটের সরকারের সঙ্গেও বিএনপি-নাগরিক সমাজ সংলাপে বসার আগ্রহ দেখিয়েছিল শুধু গণতন্ত্র বাঁচানোর জন্য। যাতে ভবিষ্যৎ সংকটকে এড়ানো সম্ভব হয় এবং জাতির নিরাপত্তার স্বার্থেই এ প্রস্তাব দেয়া হয়েছিল।

সরকার সে প্রস্তাব শুধু অগ্রাহ্যই করেনি, এর মধ্য দিয়ে তারা নিজেদেরও ঠকিয়েছেন, যা ভবিষ্যতেই প্রমাণ হবে। কিন্তু শাসক গোষ্ঠীর এই ভুলের খেসারত দেশের জনগণ দেবে কেন?

এসএইচ