২০১৩-১৪ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব দেয়ার জন্য নির্ধারিত সময়ের চেয়ে দু’সপ্তাহ সময় বেশি চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে সময় চেয়ে এ আবেদন করে দলটি।
বিএনপি’র যুগ্ম-মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ আবেদন ইসিতে জমা দেন।
ইসি সূত্র জানায়, ২০১৩ সালের নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৪ আগস্ট পর্যন্ত সময় বাড়াতে সিইসির কাছে আবেদন করে বিএনপি।
তবে আইন অনুযায়ী, ৩১ জুলাইয়ের পর কারো নিরীক্ষা প্রতিবেদন বা আয়-ব্যয়ের হিসাব জমা দিলেও তা আমলে নেওয়ার সুযোগ নেই।
গত বছর বিএনপি নির্ধারিত সময়েই হিসাব দিয়েছিল। আইন অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়।
পরপর তিনবছর কোনো দল এ হিসাব দিতে ব্যর্থ হলে, আইনে সে দলের নিবন্ধন বাতিল করার বিধান রয়েছে।
এ পর্যন্ত ১৭টি দল ইসিতে এ বিষয়ে সাড়া দিয়েছে। এরমধ্যে ১২টি দল হিসাব জমা দিয়েছে। সময় বাড়ানোর আবেদন করেছে পাঁচটি দল।
হিসাব জমা দানকারী দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি,
বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট। আর সময় বাড়াতে আবেদন করেছে সাম্যবাদী দল, গণফোরাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





