শনিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত ওই বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সর্বস্তরের শিক্ষকদের জন্য আমাদের অগ্রাধিকার হলো যুক্তিসংগত আর্থিক সুবিধার নিশ্চয়তা, চাকরির নিরাপত্তা, শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা।

তিনি আরও বলেন, রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে যত উদ্যোগই নেওয়া হোক না কেন, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

বিএনপি মহাসচিব জানান, ভবিষ্যতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করা, চাকরি স্থায়ীকরণ এবং পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

তিনি সতর্ক করে বলেন, শিক্ষকদের যুক্তিসংগত আন্দোলনকে পুঁজি করে যদি কোনো মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালায় বা আসন্ন নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তবে বিএনপি কোনো ধরনের নমনীয়তা দেখাবে না।

এনএইচ