বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, আবরারের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের উদ্দেশ্য যা-ই থাকুক না কেন তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং উপযুক্ত শাস্তি দেয়া হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এখন উনারা (বিএনপি) যে বেসুরা গান গাইছেন, এতে জনগণ কান দেবে না। আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। জননেত্রী শেখ হাসিনা এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন বরং এ দেশে আইনের শাসন নষ্ট করেছেন বিএনপি। সুতরাং বিএনপিকে আগে শুধরাতে হবে।
আনিসুল হক বলেন, দায়িত্বজ্ঞানহীন নেতারা দেশের সব দুর্ঘটনায় রাজনীতির উদ্দেশ্য হাসিলের জন্য বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন প্রমুখ।
এএস





