জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারী নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সরকার জামায়াতে ইসলামীকে আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে জামায়াত নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের শিকারে পরিনত করছে।
শুক্রবার জামায়াতের সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের শারীরিক সুস্থ্যতা ও মুক্তি কামনায় শুক্রবার রাজধানীতে দোয়া দিবসের কর্মসূচীতে তিনি এ কথা বলেন।
জামায়াত নেতা বুলবুল বলেন, অতীতে কখনো ষড়যন্ত্র, কুটকৌশল আর জুলুম নির্যাতন চালিয়ে কোন দ্বীনি আন্দোলনকে নিশ্চিহ্ন করা যায়নি, ভবিষ্যতেও কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে জামায়াতে ইসলামীর গৌরবজ্জল ভূমিকা এদেশের জনগণের নিকট অম্লান হয়ে আছে, ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, জামায়াতের যে সকল নেতৃবৃন্দ আজীবন শাহাদাতের তামান্না পোষণ করেছেন। বিচার বিভাগকে অন্যায়ভাবে ব্যবহার করে তাদেরকে হত্যা করলেও তাদের লালিত ইসলামী আদর্শকে পৃথিবীর কোন শক্তি কখনোই নিশ্চিহ্ন করতে পারবে না।
বিগত উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে দাবি করে জামায়াতের সর্বোচ্চ পরিষদের এই নেতা বলেন, এদেশের জনগণ জামায়াতকে তাদের হৃদয়ের গভীরে স্থান দিয়েছে। স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে এদেশের জনগণ জামায়াতকেই তাদের দায়িত্বশীল সংগঠন হিসেবে বেছে নেবে।
দোয়া অনূষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মো: মোবারক হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান, জামায়াত নেতা আব্দুল মতিন, আলাউদ্দিন মোল্লা, নূরুল ইসলাম খলিফা, শামসুর রহমান খান প্রমুখ।
জেডআই





