আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর জীবন সাথীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনীতিরও সাথী।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে এসব কথা বলেন তিনি।
‘আজ আমরা বাংলার ইতিহাসের বীর এক নারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি।’
ওবায়দুল কাদের বলেন: ‘বাংলাদেশের ইতিহাসের অসীম সাহসী এক নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আজ জন্মদিন। আগস্টে তার জন্ম আগস্টেই তার রক্তাক্ত বিদায়। আনন্দ-বেদনা হাসি-কান্নার মিশেলে আজ আমরা তার শ্রদ্ধা সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসেছি।’
তিনি আরও বলেন: ‘তিনি শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণী না, ছিলেন সহকর্মী, বন্ধু। শেখ মুজিবুর রহমানের দীর্ঘ এক যুগের জেল জীবনে একদিকে যেমন পরিবারকে সামলেছেন ঠিক তেমনি সে সময়ে দলকে সামলানোর দায়িত্বও ছিল তার কাঁধে। তিনি কখনো সামনে আসেননি, পর্দার আড়ালে থেকেই তার কাজ সম্পাদন করে গেছেন। আমরা আজ বাংলাদেশের ইতিহাসের এক বীর নারীকে শ্রদ্ধা জ্ঞাপন করছি।’
এ সময় আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এএসে





