একাত্তরে পরাজিত শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর গর্ভ থেকেই বিএনপির জন্ম হয়েছে। আর এ কারণেই বিএনপি তার জন্মদাতাকে (জামায়াত) ছাড়তে পারছে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় বীরউত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কামরুল বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নতুন করে আন্দোলনে নামার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই। রাজনৈতিকভাবে সংগঠিত হতে না পেরে দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি।

বিএনপি-জামায়াত যাতে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্রে পরিনত করতে না পারে, সে জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এ মন্ত্রী।
সংগঠনের সভাপতি মো. জিন্নাত আলী খান জিন্নাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।

ঢাকা, এমআর, ৫ জুলাই, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ