সরকারের অন্যায়, অবিচার ও অপকর্মের বিরুদ্ধে কথা বললেই মামলা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নবম কারাবরণ দিবসের দোয়া অনুষ্ঠানে তিনি এমন অভিযোগ করেন। স্বেচ্ছাসেবক দল এই অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। কেউ কথা বলতে পারছে না। সরকারের সমালোচনা করলেই মামলা রেডি করা হয়। শুধু প্রধানমন্ত্রী এবং তার দলের লোকজনই কথা বলতে পারবেন আর কেউ পারবেন না।
তারেক রহমানের জনপ্রিয়তারর কারণে সরকার তাকে ভয় পায় এমন দাবি করে রিজভী বলেন, সরকার জনবিচ্ছিন্ন। তাই তারা সত্য কথা সহ্য করতে পারে না। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভয় পায়।
এজন্য তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত সরকার প্রধান থেকে শুরু করে সবাই মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। অথচ এর প্রতিবাদ করা যাবে না।
তিনি বলেন, যতই সমালোচনা হোক আর মিথ্যা বলা হোক আমরা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবো। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে তারেক রহমান দেশে ফিরে আসবেন।
এআইজে





