মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আদালতের আমৃত্যু কারাদণ্ড দেয়ার রায়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ২০ দলীয় জোটের প্রধান দল বিএনপি।
দলের জেষ্ঠ্য নেতা ও স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব.) মাহবুবুর রহমান টাইমনিউজবিডিকে বলেন, আপিল বিভাগের রায়ে ফাঁসির দণ্ডাদেশ পরিবর্তন হয়ে আমৃত্যু কারাদণ্ড হওয়ায় পরিবারের দু:খ এখন কিছুটা লাঘব হয়েছে। এটি যেহেতু সর্বোচ্চ আদালতের রায় সম্পর্কে তেমনভাবে বক্তব্য দেয়ার অবকাশ নেই।
তিনি আরও বলেন, তবে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যেহেতু আগে থেকেই সন্দেহের অবকাশ ছিল সেজন্য রায় পুনর্বিবেচনার জন্য আসামী পক্ষ আবেদন করতে পারে।
রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, রায় সম্পর্কে বিস্তারিত জেনে মন্তব্য করবে বিএনপি। এ নিয়ে ব্যক্তিগত মন্তব্য করা সমীচিন মনে করছেন না তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক বিরোধী দলের চীফ হুইপ জয়নুল আবদিন ফারক টাইমনিউজবিডিকে বলেন, রায় সম্পর্কে মন্তব্য বা প্রতিক্রিয়া জানাতে পারে দল। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগ।
ঢাকা, এমএইচ, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





