বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের পথে না গিয়ে হিটলার ও মুসোলিনীর পথে হাঁটছেন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে দুই বছরেও সন্ধান না দেওয়ার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ নামের একটি সংগঠন।
সাবেক এই ছাত্রনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে খালেদা জিয়াসহ আমাদের নেতারা গণতন্ত্রের পথে আসতে বারবার বলেছেন। কিন্তু আপনি শোনেন নি। আপনি সেই হিটলার ও মুসোলিনীর পথেই হাঁটছেন।
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে দুদু বলেন, আপনি আপনার পরিবারের সদস্যদের কথা বলে অশ্রু বিসর্জন দেন, চোখ মোছেন। সেটা কি অভিনয়? যদি আপনি সত্যিই কষ্ট পান, তবে ইলিয়াস আলীর স্ত্রীর কষ্টে কেন কষ্ট পান না? আপনি যদি কন্যা, স্ত্রী, মা-বোন হয়ে থাকেন, তাহলে কেন ইলিয়াসের পরিবারের জন্য আপনার মন কাঁদে না? তাকে ফিরিয়ে দিন।
শেখ হাসিনা বর্তমানে কোথাও কারও কাছে কোনো রকম মর্যাদার অবস্থানে নেই বলেও মন্তব্য করেন দুদু।  
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছানাউল্লাহ মিয়া প্রমুখ।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]