খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ভারতের সকল সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, আছে, থাকবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে প্রথম সফরে এসেছে। আমরা আশা করছি এ সফরের মাধ্যমে মোদী সরকারে সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নয়ন হবে।

ভারতে মোদী সরকার ক্ষমতায় আসার পর আমাদের দেশের একটি রাজনৈতিক দল উৎফুল্ল হয়ে উঠেছিল। আজ তাদের মুখে চুনকালি পড়বে।

বৃহস্পতিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

কামরুল বলেন, ঈদের পর বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। এটা তাদের একটি রাজনৈতিক কৌশল। বিএনপির ঘুমন্ত নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্যই তারা আন্দোলনের হুমকি দিচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি কোন আন্দোলন করতে পারবে না। জনগণ তাদের ঘৃণা করে। তাদের আন্দোলন ঠেকাতে মহানগর আওয়ামী লীগই যথেষ্ট।

তিনি বলেন, আমেরিকা ও রাশিয়াসহ সকল বিদেশী বন্ধুরা এ সরকারকে সমর্থন দিয়েছে। জনগণের সঙ্গে আমাদের সব সময় সংলাপ চলছে। কোন দলের সঙ্গে আমাদের সংলাপ হবে না। আর সংলাপ করার মত সময়ও নেই। ২০১৯ সালের আগে বাংলাদেশে কোন নির্বাচন হবে না।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক জামাল হোসেন প্রমুখ।

ঢাকা, এমআর, ২৬ জুন টাইমনিউজবিডি.কম)// এসএইচ