বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জঙ্গি এবং আইএস’র কানেকশনে বর্তমানে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকান্ড চলছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বুধবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ২০ দলীয় জোট ও ছাত্রদল আহুত অবরোধ এবং হরতালের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তিনি ।
কামরুল বলেন, ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর তার পুত্র তারেক রহমানের সঙ্গে জঙ্গি ও আইএস’র কানেকশন সূদৃঢ় হয়েছে। বর্তমানে এদের সম্মিলিত কানেকশনে লন্ডেনের (তারেক) নির্দেশে বাংলাদেশে নৈরাজ্য চলছে। এদের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিবে।
তিনি বলেন, সাধারণ নারী, পুরুষ ও শিশুকে হত্যা করে যে আন্দোলনের সংস্কৃতি শুরু হয়েছে, আমরা তা করতে দিব না। পাড়া-মহল্লায় এদেরকে প্রতিরোধ করা হবে।
তিনি আরও বলেন, পুলিশের ভাষ্যমতে রাজধানীর মসৎ ভবন এলাকায় পুলিশ ভ্যানে হামলাকারী ছেলেটি গাজীপুরে ক্রসফায়ারে মারা গেছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, উপ-দপ্তর সম্পাদক মো: জামাল উদ্দিন প্রমুখ।
এমআর/ইআর





