মানবতা বিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউয়ে মৃত্যুদণ্ড বহাল রাখায় বৃহস্পতিবার সারাদেশে হরতালের ডাক দিয়েছে দলটি।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানান দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ।
তিনি জানান, ‘জামায়াতকে নেতৃত্ব শূন্য করার জন্য সরকার জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে। সরকারী ষড়যন্ত্রের শিকার হয়েছেন জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
সরকার তাকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। কোন প্রত্যক্ষদর্শী সাক্ষীও নেই। এতদসত্ত্বেও সরকারের মিথ্যা মামলায় জনাব মুজাহিদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
এ রায়ের বিরুদ্ধে তিনি রিভিউ আবেদন করলে তা খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। ‘
মুজাহিদ ন্যায় বিচার বঞ্চিত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এ রায়ে জনাব মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। জনাব মুজাহিদকে হত্যার সরকারী ষড়যন্ত্র বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ’
এআই





