সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। খুব শীঘ্রই সকল প্রক্রিয়া সম্পন্নপূর্বক ঢাকাস্থ নজরুল ইনস্টিটিউট -এর নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে। তাছাড়া তৃণমূলে সংস্কৃতি চর্চা বিকাশ ও প্রসারে উপজেলা পর্যায়ে মাল্টিপারপাস হল নির্মাণের পরিকল্পনাও আমাদের রয়েছে।
প্রতিমন্ত্রী আজ (০৮ মার্চ) সকালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল সেন্টার ফর বেঙ্গল মিউজিক (আইসিবিএম) (International Center for Bengal Music-ICBM) আয়োজিত দুইদিনব্যাপী (৮-৯ মার্চ) ‘আইসিবিএমমেলা ২০১৯’র উদ্বোধনঅনুষ্ঠানে বক্তৃতায় এইসব কথা বলেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ‘আইসিবিএম’ -এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. লীনা তাপসী খান।
উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেন, সংগীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারী পেশাদার শিল্পীদের একাডেমিক উচ্চমানে পৌঁছানোর জন্য এই সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে একাডেমিক ডিগ্রীধারীদের প্রায়োগিক দিক ও উচ্চ স্তরে পৌঁছানোর ক্ষেত্রে সেন্টারটি অনুঘটক হিসেবে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন।
শুভেচ্ছা বক্তৃতা করেন ‘আইসিবিএম’ -এর মহাসচিব সাকিলুর রহমান সোহাগ।
পরে প্রতিমন্ত্রী ‘আইসিবিএম’ -এর ওয়েবসাইট, সিডি, জার্ণাল ও ডকুমেন্টারি‘র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এম বিল্লাহ/এমবি
এমবি





