টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে কোরআন পাঠ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ফেরার আগে সমাধি সৌধের পাশে বসে কোরআন তেলাওয়াত করে দোয়া করেন তিনি।
আজ (২৪ জানুয়ারি) শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছান প্রধানমন্ত্রী। নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পৌঁছাতে বিলম্ব হওয়ায় সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়।
পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার পর দুপুর ১টায় প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা শেষে প্রধানমন্ত্রী কোরআন তেলাওয়াত করতে বসেন সমাধিসৌধ কমপ্লেক্সের ভেতর বঙ্গবন্ধুর সমাধির পাশে।
এর আগে বেলা ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। এসময় হেলিপ্যাডে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী বেলা ১১টা ২০ মিনিটে সড়ক পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছান।
এর আগে সকাল ৭টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যরা ঢাকায় জাতীয় সংসদ ভবন চত্বরের মিডিয়া সেন্টারের সামনে থেকে রওনা হন। তারা সড়ক পথে ৬টি বাসে করে যাত্রা করেন টুঙ্গিপাড়ার উদ্দেশে।
এমবি





