আগামীতে আওয়ামী লীগকে জোর করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

জনগণ আগামী নির্বাচন এই সরকারের অধীনে হতে দেবে না জানিয়ে আবদুস সালাম বলেন, এই সরকারের অধীনে থাকতে চাইলে ইহকাল যাবে পরকালও যাবে। পরকালকে বাঁচাতে চাইলে রাস্তায় নামুন।

আবদুস সালাম বলেন, আওয়ামী লীগ সরকারের পতন ছাড়া বিএনপি থামবে না। দেশের জনগণ একদিকে আর আওয়ামী লীগ একদিকে। ক্ষমতায় কে থাকবে এটা কি প্রতিবেশী রাষ্ট্র ঠিক করবে?

তিনি বলেন, এই সরকার জনগ‌ণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়।

বিএনপির এই নেতা বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে দেশের অর্থনৈতি খারাপ হয়নি। খারাপ হয়েছে দেশের অর্থ লুটপাট করে বিদেশে বেগমপাড়া বানানোর কারণে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের কথা বলে মায়াকান্না করে আওয়ামী লীগ দেশটাকে জাহান্নাম বানিয়েছে। দেশের মানুষ আরামে না থাকলেও আওয়ামী লীগ ঠিকই আরামে আছে। কারণ, তারা দেশের টাকার লোপাট করে বিদেশে পাচার করেছে।

এবিএস