ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিলের দাবিতে রাজধানী ঢাকার থানায় থানায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। গত রবিবার এ কর্মসূচি ঘোষণা করে দলটি।

এর আগে একই দাবিতে ভোটের পরদিন ২ ফেব্রুয়ারি রাজধানীতে বিএনপি হরতাল ডাকে। হরতাল চলার সময় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বিএনপির দুই মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেন। ফল বাতিলের দাবি জানিয়ে মঙ্গলবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল, গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।

বিএনপি মহাসচিব জানান, শনিবার অনুষ্ঠিত ঢাকার দুই সিটির নির্বাচনে ভোট কারচুপি, জালিয়াতি, ত্রাস সৃষ্টি, ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ঘটনার তথ্য-প্রমাণ তুলে ধরবেন বিএনপির দুই মেয়র পদপ্রার্থী।

বুধবার (৫ জানুয়ারি) গুলশানে ঢাকা উত্তর ও দক্ষিণের প্রার্থী যথাক্রমে তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন আলাদা সংবাদ সম্মেলন করে তথ্য-প্রমাণ জানাবেন।

এএইচ