সরকার কেবল আর্থিক দুর্নীতিই করছে না, রাজনৈতিক দুর্নীতিও করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে।
আজ সোমবার সকালে জাসাসের পুর্নাঙ্গ কমিটিকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এরআগে জাসাসের পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীদেরকে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেৃন, আজকে আমরা দেখতে পাচ্ছি, শুদ্ধি অভিযানের নামে শুধু ছোটখাটো যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। যারা বড় রুই-কাতলা, যারা সমাজকে গ্রাস করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। আর আজকে বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে।
তিনি বলেন, চটকদার কথা বলে মিডিয়ার মাধ্যমে টিকে আছে সরকার। শুদ্ধি অভিযানের নামে চুনোপুটি ধরলেও এখনও রাঘব বোয়ালেরা আড়ালে আছে বলে মন্তব্য করেন ফখরুল।
বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন শুনানির বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, আমরা আগে দেখি কী হয়।
বিএনপি আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিদেশের কাছে নালিশ করছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, তাদের এ কথাগুলো বলা ছাড়া কোনো উপায় নেই। কারণ তাদের জনগণের কাছে কোনো জায়াগা নেই। বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোনো ভিত্তি নেই। তারা জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন। আর এসব কথা না বললে মিডিয়াতেও টিকে থাকতে পারবেন না।
তিনি বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির জন্য আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম অব্যাহত রাখবো।
এএস





