বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সমাবেশ, আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।
জ্যাকসন হাইটস ফুডকোর্ট রেস্টুরেন্টে স্থানীয় সময় মঙ্গলবার রাতে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভার। সভা শেষে খালেদা জিয়ার উপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।
যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ডা. মুজিবুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।
একই সময়ে জ্যাকসন হাইটস ব্রডওয়ে গুরমেট রেস্টুরেন্টে আয়োজন করা হয় আরেকটি প্রতিবাদ সভার। যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে আয়োজিত এই সভায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপিত গিয়াস আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সোলায়মান ভূঁইয়া, পাশা বাবুল ও আবদুল বাতেনসহ অনেকে।
এদিকে, খালেদার গাড়িবহরে হামলার খবর পাওয়ার পর স্থানীয় সময় সোমবার রাতেই তাৎক্ষণিকভাবে বিক্ষোভ সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি। জ্যাকসন হাইটস খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া। এতে বক্তব্য দেন বিএনপি নেতা এমএ খালেক আকন্দ, সাইদুর রহমান সাইদ, হাবিবুর রহমান, সেলিম রেজা, রুহুল আমীন নাসির প্রমুখ।
অন্যদিকে, একই সময়ে খালেদা জিয়ার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ সমাবেশ করে কমিটি বিহীন বিএনপির আরেকাংশের নেতারা। গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরামের ব্যানারে স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটসের ফুডকোর্ট রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আজহারুল হক মিলন।
সভায় উপস্থিত ছিলেন ছাত্রনেতা আতাউর রহমান আতা, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সৈয়দ আকিকুর রহমান ফারুক, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, ফারুক মজুমদার, মোহাম্মদ আলী, মতিউর রহমান লিটু প্রমুখ।
এএইচ





