নারীর অধিকার শুধু মানবাধিকার নয় এটি সামাজিক ও ন্যায়বিচারেরও অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘এন্ডিং দ্য সাইকেল অব ভায়োলেন্স এগেইনস্ট গার্লস ইন এশিয়া প্যাসিফিক’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং ইন্টারপার্লালমেন্টারি ইউনিয়ন (আইপিইউ) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। তিন দিনব্যাপী এ সেমিনারে ১৪টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, জাতীয় সংসদের সিনিয়র সচিব আশরাফুল মকবুল।
স্পিকার বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে সংসদ সদস্যরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। সেই প্রশ্ন আমাদের নিজেদের করতে হবে। কিভাবে আমরা এ কাজ করতে পারি। আইন বাস্তবায়নে মনিটরিং সহিংসতা রোধে স্পেশাল কমিটি এবং ক্যাম্পেইন করে এই কাজ করা যেতে পারে বলে জানান তিনি।
স্পিকার বলেন, সিডো সনদ, এমডিজি, পোস্ট এমডিজিসহ বিভিন্ন ঘোষণায় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো নারীর প্রতি সহিংসতা রোধের অঙ্গীকার করেছে। আসুন আমরা সেই অঙ্গীকার পূরণ করি। নারীর অধিকার শুধু মানবাধিকার নয় এটি বিশ্বজনিন মানবাধিকারের বিষয়।
স্পিকার বাল্য বিবাহ রোধে সবার সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সেমিনারে অংশগ্রহণকারী এশিয়ার দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান,কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলংকা এবং ভিয়েতনাম। প্যাসিফিক দেশগুলোর মধ্যে রয়েছে- কিরিবাতি, সামোয়া এবং টোঙ্গা।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





