সাবেক প্রধান বিচারপতি ও জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হককে অসৎ, অনৈতিক এবং নির্লজ্জ অ্যাখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, খায়রুল হক এখন সরকারের মুখপাত্রের ভুমিকা নিয়েছেন। তার এহেন কর্মকাণ্ড দেখে আমাদের লজ্জায় মাথা হেড হয়ে যায়।

আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে ষোড়শ সংশোধনীর রায় ও বিচার বিভাগ নিয়ে অশালীন বক্তব্য দেয়ায় খায়রুল হকের গ্রেফতার ও অপসারণের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

ব্যারিস্টার মওদুদ বলেন, “সাবেক বিচারপতি খায়রুল হক তারই ছেড়ে যাওয়া প্রতিষ্ঠানকে (সুপ্রিম কোর্ট) কীভাবে হেয় করছেন? এটা ভাবলে আমাদের মাথা হেড হয়ে যায়। আপনি আয়নার সামনে দাড়িঁয়ে নিজেকে দেখুন।”

তিনি বলেন, “বিচারপতি খায়রুল হক মুন সিনেমা হলের মামলার মাধ্যমে পঞ্চম সংশোধনীতে হাত দিয়ে তা বাতিল করলেন। অথচ তাঁর রায়ে এখনও সেই হল মালিক হলের মালিকানা ফেরত পায়নি। এই হলো বিচারপতি খায়রুল হক!”

একই সাথে ব্যারিস্টার মওদুদ আহমদ অনতিবিলম্বে সাবেক প্রধান এই বিচারপতির জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন- আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নিতায় রায় চৌধুরী, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আবেদ রাজা, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

এমবি