রাজধানীর কুর্মিটোলায় চালকদের দায়িত্বজ্ঞানহীনতায় গত রোববার বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে রাজপথে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে যৌক্তিকতা আছে বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সড়ক ও পরিবহন খাতের বিশৃঙ্খল অবস্থা দূর করতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।
সড়কে ক্রমবর্ধমান বিশৃঙ্খলতা নিয়ন্ত্রণে নতুন আইনের প্রয়োজন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, উদ্ভূত বিশৃঙ্খলতার লাগাম টেনে ধরতেই এমন একটি আইন খুব জরুরি।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনমন্ত্রীর প্রস্তাবিত একটি আইন আগামী সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে উত্থাপনের নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রী।
প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদের আগামী অধিবেশনেই পাস হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, এ আইনটি পাস হলে সড়কের শৃঙ্খলা রক্ষায় আরো কঠিন ও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে। তাতে করে সড়কে নিরাপত্তা বৃদ্ধি ও যানজট লাঘব হবে বলে মনে করেন তিনি।
এমআর





