বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এনামুল হক ও জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতিসহ ১৬ জনকে আটক করেছে ডিবি পুলিশ। শহরের চকফরিদ এলাকা থেকে রোববার বিকালে তাদেরকে আটক করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, শহরের চকফরিদ এলাকার একটি মিলনায়তনে সাংগঠনিক সভায় মিলিত হন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ সদস্যরা। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিনসহ কেন্দ্রীয় ও বগুড়া জেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন। দুপুর ৩ টায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এরপর তাদেরকে জেলা গোয়েন্দা অফিসে (ডিবি) নেয়া হয়।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা এএসপি গাজিউর রহমান বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





