পুলিশের ঢাকা রেঞ্জের প্রধান (ডিআইজি) এস.এম. মাহফুজুল হক নূরুজ্জামান গত ২০ সেপ্টেম্বর ফরিদপুরে এক সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে “প্রয়োজন হলে সরাসরি গুলি করুন।
দায়-দায়িত্ব সব আমি নেব” মর্মে যে দায়িত্বহীন, উস্কানিমূলক এবং বেআইনী বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
আজ এক বিবৃতির মাধ্যমে তিনি এ নিন্দা জানান।
তিনি বলেন, “এ ধরনের দাম্ভিকতাপূর্ণ বেআইনী বক্তব্য প্রদান করার এখতিয়ার কোন পুলিশ কর্মকর্তার নেই।
টাঙ্গাইলে অন্যায়ভাবে পুলিশের গুলিতে ৫ জন লোক নিহত ও অর্ধশত লোক আহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকা রেঞ্জের পুলিশ প্রধানের এ ধরনের উস্কানিমূলক এবং দাম্ভিকতাপূর্ণ বক্তব্যে সচেতন দেশবাসী হতবাক ও মর্মাহত হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তার নিকট থেকে দেশবাসী এ ধরনের অন্যায়, অযৌক্তিক ও দায়িত্বহীন বক্তব্য কখনো আশা করে না।
পুলিশ কর্মকর্তাদের এ ধরনের বেআইনী বক্তব্যের কারণেই পুলিশ সদস্যরা যখন তখন নানা ছলছুতায় জনগণের ওপর গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করার সাহস পাচ্ছে।
পুলিশের বেআইনী ও ঊচ্ছৃঙ্খল আচরণের কারণেই জনগণ পুলিশের ওপর আস্থা এবং বিশ্বাস হারিয়েছে। পুলিশ কর্মকর্তাগণ উস্কানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টি করে পুলিশকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন। জনগণের টাকায় লালিত-পালিত পুলিশের এ ধরনের গণবিরোধী ভূমিকা কখনো দেশের জনগণের জন্য কল্যাণকর হতে পারে না।
তাই জাতীয় স্বার্থেই এ ধরনের দাম্ভিকতাপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য পরিহার করে জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য আমি পুলিশ কর্মকর্তাগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
এসএইচ





