বামদলগুলোকে ১৪ দলীয় জোটের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান জানিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তা প্রত্যাখ্যান করেছেন সিপিবি-বাসদের নেতারা।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে একটি সভায় ওবায়দুল কাদের বলেছিলেন, “আজকে একটা বিষয় ভালো লাগছে যে, বামপন্থিরা এক সুরে কথা বলছে। সেটা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আমরা নেই- এই উচ্চারণ অনেকেই করেছে। তাহলে, এই উচ্চারণ যারা করেছেন, আসুন না আমরা মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ইউনিটি গড়ে ফেলি, অসুবিধাটা কোথায়?”

ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমকে বলেছেন, “আগে বিএনপি দুঃশাসন করেছে, এখন আওয়ামী লীগের দুঃশাসন। এই দুই দলের সঙ্গে আমাদের ঐক্য হবে না।”

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, “ক্ষমতাসীন দলের সঙ্গে জোট করার ইচ্ছা, পরিকল্পনা বা কোনো সিদ্ধান্ত আমাদের নাই।”

কাদেরের বক্তব্যের ‘অসুবিধা’র বিষয়টি ব্যাখ্যা করে সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রিন্স গণমাধ্যমকে বলেন, “উনি ঐক্যের আহ্বানে যেসব বিষয় উল্লেখ করেছেন, তার সঙ্গে বর্তমান আওয়ামী লীগ নেই। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আওয়ামী লীগ পুরোপুরি সাংঘর্ষিক অবস্থায় রয়েছে।

“উনি বলছেন, ঐক্য চাই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। কিন্তু আওয়ামী লীগ নিজেই এখন সাম্প্রদায়িক শক্তিকে লালন করছে। স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে ঐক্যের কথা বলেছেন। রাজাকারদের বিচার হয়েছি ঠিক, কিন্তু এখনও তাদেরকে নিষিদ্ধ করেনি।

“উনি বলেছেন, নষ্ট রাজনীতির বিরুদ্ধে ঐক্য চান। আমরা তো দেখি নষ্ট রাজনীতি কিংবা দুর্বৃত্তায়িত রাজনীতির অন্যতম স্তম্ভে পরিণত হয়েছে এখনকার আওয়ামী লীগ।

“উনি বলতে চেয়েছেন যে ঐক্য চাই, দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে। কিন্তু এই সরকারের আমলে দুর্নীতি সন্ত্রাস আগের যে কোনো সরকারের চেয়ে অনেক বেশি ছড়িয়ে গেছে। আগে ছিল হাওয়া ভবন, এখন ঘরে ঘরে খাওয়া ভবন।”

“উনি ঐক্যের আহ্বান জানাতেই পারেন। কিন্তু সিপিবি এখন লড়াই করছে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে”।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “আমরা নিজেরাই একটা জোটে আছি। ক্ষমতাসীন দলের সঙ্গে জোট করার ইচ্ছা, পরিকল্পনা বা কোনো সিদ্ধান্ত আমাদের নাই।”

জেড